অক্টোবর বিপ্লবের মাধ্যমে দুনিয়ার এক-ষষ্ঠাংশ এলাকা এবং প্রায় এক-দশমাংশ জনগণের ওপর থেকে শোষণ এবং শ্রেণি শাসনের অবসান হয়েছিল এবং সেখানে কায়েম হয়েছিল সমাজতান্ত্রিক শাসন-ব্যবস্থা। বিপ্লবের আগ পর্যন্ত রক্ত-চোষা জোঁকরাই ছিল মানুষের বাস্তব অবস্থার নিয়ন্ত্রক। বিপ্লবের পর হল শ্রমিক-কৃষক। তারা শুধু রাশিয়ারই নয়, সারা বিশ্বের মানুষের অবস্থার নিয়ন্ত্রক হওয়ার জন্যে এগিয়ে এসেছিল। নিঃসন্দেহে রুশ বিপ্লব ছিল গত শতাব্দীতে সবচাইতে তাৎপর্যপূর্ণ ঘটনা। রুশবিপ্লব এবং পরবর্তী সোভিয়েত সমাজ ব্যবস্থা প্রমান করে দিয়েছে যে পুঁজিবাদের বিকল্প সম্ভব। আজকের পুঁজিবাদী দেশসমূহে মানুষে মানুষে লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণভেদে যে বিভাজন আমরা দেখি সোভিয়েত সমাজ ব্যবস্থায় তা ছিল অনুপস্থিত। সোভিয়েত দেশ দেখিয়ে দিয়েছিলো যে পরিকল্পিত অর্থনীতি বাস্তবায়ন করে বেকারত্বের অভিশাপ দূর করা সম্ভব। শাসক শ্রেণিকে পরাস্ত করে সকল প্রকার শোষণের অবসান নিশ্চিত করা মোটেও সহজ বিষয় ছিল না। এই দুঃসাধ্য অর্জনে রাশিয়ার জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন বলশেভিক পার্টির নেতা মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন। রুশ বিপ্লবের নেতা লেনিন কে স্মরণ করে তার উত্তরসূরি স্তালিন বলেছিলো, ‘লেনিন সত্যি সত্যি বিপ্লবী-বিস্ফোরণের এক অনন্য প্রতিভা ছিলেন। তিনি আগে থেকেই বুঝতে পারতেন, ভিন্ন ভিন্ন শ্রেণি কোন দিকে পা বাড়াবে, আর কোন রাস্তায় পা বাড়ালে বিপ্লব সফল হবে। যেন সমস্ত ঘটনাকে নিজের হাতের তালুতে রেখে পরখ করেছেন তিনি।
অক্টোবর বিপ্লবের চতুর্থ বার্ষিকী উপলক্ষে প্রাভদায় এক নিবন্ধে লেনিন লিখেছিলেন , “প্রথম বিজয়, কিন্তু এখনও চুড়ান্ত বিজয় নয়। …. আমরা শুরুটা করেছি। কখন কোন তারিখে ও সময়ে কোন দেশের প্রোলেতারিয়েতরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে, তা ততটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, বরফ গলতে শুরু করেছে, রাস্তা খোলা আছে পথ দেখানো হয়েছে।”
অক্টোবর বিপ্লব যেমন সাম্রাজ্যবাদের একটি দুর্গে আঘাত হেনে দুর্গটি দখল করেছিল, তেমনি তা সাম্রাজ্যবাদের উপর অন্যত্র আঘাত হানতেও বিপ্লবীদেরকে উৎসাহিত করেছিল। অক্টোবর বিপ্লবের কারণে সারা বিশ্বে অভূতপূর্ব জাগরণ দেখা দিয়েছিল। দেশে দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরাধীন জাতির স্বাধীনতার সংগ্রামে এবং খোদ সাম্রাজ্যবাদী দেশে শ্রমিকশ্রেণীর মুক্তি সংগ্রামে অসামান্য শক্তি সঞ্চার এবং প্রেরণা দান করেছিল। সোভিয়েত ইউনিয়ন হয়ে উঠেছিল দুনিয়ার মুক্তিকামী মানুষের, নিপীড়িত ও পরাধীন জাতি ও জনগোষ্ঠীর এবং সর্বহারা ও অন্যান্য মেহনতী শ্রেণীর মুক্তি সংগ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত দুর্গ। অক্টোবর বিপ্লবের মূল লক্ষ্য ছিল এক সর্বব্যাপক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠ্য করা।
প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে শুধু রাশিয়া নয়, ইউরোপের আরও কয়েকটি দেশে বিশেষ করে জার্মানী, হাঙ্গেরী প্রভৃতি দেশে বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল। ওইসব দেশে কেন বিপ্লব হল না? কারণ বিপ্লবের জন্য অনুকূল পরিস্থিতিই যথেষ্ট নয়, চাই সাবজেকটিভ প্রস্তুতি, সুবিধাবাদকে পরিহার করে বিপ্লবী দৃঢ়তা, তাত্ত্বিক ও মতাদর্শগত সঠিকতা এবং উপযুক্ত নেতৃত্ব। রাশিয়ায় বলশেভিক পার্টির নেতা লেনিনের নেতৃত্বে রুশ প্রলেতারিয়েত ও বলশেভিক পার্টি এই গুণগুলো এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিল।
মার্ক্সবাদী আদর্শে পরিচালিত এবং ১৯০৫ বিপ্লবের অভিজ্ঞতা সম্পন্ন বলশেভিক পার্টি লেনিনের নেতৃত্বে তাত্ত্বিকভাবে, প্রায়োগিকভাবে, সাংগঠনিকভাবে অক্টোবর বিপ্লবকে প্রস্তুত করে এবং অসামান্য দক্ষতা, বিচক্ষণতা ও বিপ্লবী দৃঢ়তা দ্বারা বিপ্লবকে জয়যুক্ত করতে সক্ষম হয়। রুশ বিপ্লবের আগের দেড় দশকের (১৯০৩-১৯১৭) অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে লেনিন বলছেন, গত পনেরো বছরে বিশ্বের কোন একটা দেশেও বিপ্লবী সংগ্রাম প্রয়োগের দিক থেকে, বৈধ ও অবৈধ, শান্ত ও ঝোড়ো, গোপন ও প্রকাশ্য, চক্রনির্ভর ও গণনির্ভর, পার্লামেন্টারি ও সহিংস আন্দোলনের রূপ বদলের দ্রুততা ও বৈচিত্রের দিক থেকে এতখানি অভিজ্ঞতার ধারে কাছেও যায় নি।
যেসকল বুর্জোয়া প্রচারকরা বলেন যে, অক্টোবর বিপ্লবে জনসমর্থন ছিল না, অথবা একটা বিশেষ সুযোগে লেনিন ক্যুদেতা করেছিলেন তাঁরা ভুলে যান যে, জনসমর্থন ছাড়া এই বিশাল দেশে ১৪টি সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দেশের শ্বেতবাহিনীর আক্রমণ এবং পতিত জারের অনুসারীদের মোকাবিলা করে সেদিনের সদ্য জন্ম নেয়া শ্রমিক রাষ্ট্রের পক্ষে টিকে থাকা কিছুতেই সম্ভব ছিল না। গণতন্ত্র ও মানবতা বিকাশের ইতিহাসে এটা এক যুগান্তকারী ঘটনা। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। বিপ্লব কয়েকজন অতি অগ্রসর ও আত্মত্যাগী মানুষের কাজ নয়, দেশের বিপুল অধিকাংশ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই কেবলমাত্র একটা বিপ্লব সফল হতে পারে, অক্টোবর বিপ্লবও এর ব্যতিক্রম নয়।
বিপ্লবের পরের বছর রুশ প্রজাতন্ত্রের প্রথম সংবিধান গৃহীত হলে লেনিন বলেন, আমাদের মতো সংবিধান বিশ্বে কখনো দেখা যায় নি। অভ্যন্তরীণ ও সারা বিশ্বের শোষকদের বিরুদ্ধে প্রলেতারীয় জনগণের সংগ্রাম ও সংগঠনের অভিজ্ঞতা লিপিবদ্ধ আছে এতে। ওই বছরই কংগ্রেসের বক্তৃতায় তিনি বলেন, আগে পুঁজিবাদের আমলে টেকনোলজি ও সংস্কৃতির সমস্ত আশীর্বাদ পেতো কেবল ধনীরা, সাধারণ সাক্ষরতাটুকুও ছিল মেহনতিদের আয়ত্তের বহির্ভূত। সোভিয়েত রাজ্ সমস্ত টেকনোলজি, বিজ্ঞান, ও সংস্কৃতিকে করে তুলেছে সর্বজনের আয়ত্তাধীন। লেনিন নিচু তলার লোকদের, সাদামাটা শ্রমিক কৃষকদের পার্টি, রাষ্ট্র, ও ট্রেড ইউনিয়নের কাজে ব্যাপকভাবে টেনে আনার জন্য যথাসাধ্য করেন। তিনি মনে করতেন লক্ষ লক্ষ নারী যখন সামাজিক জীবনে অংশ নেবে, তখন সমাজতন্ত্রের কাজটা পাকা হবে। সমাজতান্ত্রিক বিপ্লবের বিস্তার ঠেকাতে এবং নিজেদের টিকিয়ে রাখতে পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোও পরবর্তীতে শ্রমিকদের অধিকার দিতে এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে বাধ্য হয়। মহাকাশ বিজ্ঞান (যেমন: প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ও প্রথম মানব ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রা), পারমাণবিক শক্তি এবং চিকিৎসাবিজ্ঞানে সোভিয়েত ইউনিয়ন মানব সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। মানব সভ্যতায় প্রথম সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে সবার জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করা হয়। যা পরবর্তীকালে বিশ্বের অনেক উন্নত দেশকে অনুপ্রাণিত করেছিল। বিপ্লবের আগে রাশিয়ার সিংহভাগ মানুষ নিরক্ষর ছিল। বিপ্লবের পর শতভাগ লিটারেসি বা সাক্ষরতা অর্জন করা হয় এবং শিক্ষা সবার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়। বংশমর্যাদা, জাতপ্রথা এবং ধনী-দরিদ্রের মধ্যকার চরম কৃত্রিম বৈষম্য দূর করে সামাজিক সমতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। অক্টোবর বিপ্লব খেলাধুলাকে একটি বাণিজ্যিক ও পুঁজিবাদী কাঠামো থেকে বের করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞানভিত্তিক এবং সর্বজনীন রূপ দিয়েছিল। এই ব্যবস্থার ফলেই সোভিয়েত ইউনিয়ন বিংশ শতাব্দীতে ক্রীড়া বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হতে পেরেছিল। অক্টোবর বিপ্লবের মাধ্যমে জন্ম নেয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ও মুসোলিনির ফ্যাসিবাদী অক্ষশক্তিকে চূর্ণ করতে সবচেয়ে বড় ও নির্ধারক ভূমিকা পালন করে। এমনকি ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশে দেশে জাতীয় মুক্তির আন্দোলনে সোভিয়েত ইউনিয়ন সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা প্রদান করে।
কার্ল মার্কসের মতানুসারে শ্রমিকশ্রেণি নিছক তৈরী রাষ্ট্রযন্ত্রটি হাতে তুলে নিতে পারে না এবং নিজেদের উদ্দেশ্য সাধনার্থে তা ব্যবহার করতে পারে না। সর্বহারাশ্রেণিকে রাষ্ট্র-ক্ষমতা দখলের জন্যে বৈপ্লবিক পন্থার আশ্রয় নিতে হবে, বুর্জোয়া সামরিক-আমলাতান্ত্রিক যন্ত্রকে ভেঙে চুরমার করতে হবে এবং বুজোয়াশ্রেণির একনায়কত্বকে প্রতিস্থাপনের জন্যে সর্বহারা-শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। সর্বহারা সংগ্রামের ইতিহাসের সাথে যারা পরিচিত তারাই জানেন যে, যথার্থভাবে এই মৌলিক প্রশ্নই এক-দিকে মার্কসবাদী আর অন্যদিকে সুবিধাবাদী ও সংশোধনবাদীদের মধ্যেকার পার্থক্যসূচক সীমারেখাটি নির্ধারণ করে। অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ার শ্রমিকশ্রেণি মার্ক্সের চিন্তার যথার্থতা প্রমান করে। প্যারি কমিউনের বিপর্যয়ের পর মার্কস বলেছিলেন “কমিউন যদি ধ্বংসও হয়ে যায়, তাহলে সংগ্রাম কেবল স্থগিতই থাকবে। কমিউনের নীতিমালা হচ্ছে স্বাশ্বত ও অবিনশ্বর। শ্রমিকশ্রেণি যে-পর্যন্ত-না মুক্তি অর্জন করবে সে-পর্যন্ত সেগুলি বারে বারেই নিজেদের উপস্থাপিত করবে”। [“প্যারি কমিউন প্রসঙ্গে কার্ল মার্কস প্রদত্ত বক্তৃতার রেকর্ড”। একই নীতি অক্টোবর বিপ্লবের ক্ষেত্রেও প্রযোজ্য।
সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নয়া উদারবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধ এখন সারা পৃথিবীজুড়ে। মার্কিন সাম্রাজ্যবাদ তার কর্তৃত্ব ধরে রাখার জন্য মরণ কামড় দিচ্ছে। ইউরোপে বড় বড় শহরে মাস জুড়ে চলছে সরকারের সংকোচন নীতির বিরুদ্ধে গণ প্রতিরোধ। এই গণপ্রতিরোধ বিস্তৃত হচ্ছে অন্নান্য মহাদেশেও। প্রতিরোধের মধ্যে কোথাও কোথাও মাথা তুলে দাঁড়াচ্ছে হাতুড়ি কাস্তে খচিত পতাকা। পুঁজিবাদী দেশগুলোতে গণবিক্ষোভের মধ্যে এই পতাকা আমাদের মনে করিয়ে দেয় ‘দা উইন্ড অফ অক্টোবর ইস ষ্টীল ব্লউইং’। মার্কিন বাণিজ্য চুক্তি আমাদের শিল্প ও কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশী কোম্পানির ব্যবস্থাপনায় ছেড়ে দিয়ে শাসক শ্রেণি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। সাম্রাজ্যবাদ হলো সর্বহারা শ্রেণির সমাজ বিপ্লবের পূর্ব প্রহর। অক্টোবর বিপ্লব আমাদের শিক্ষা দেয় সমাজ বিপ্লবের জন্য প্রয়োজন বিপ্লবী তত্ত্বায়ন ও বিপ্লবী পার্টি। আমাদের চারপাশের ঘটনাবলী আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে শ্রমিক কৃষকের রাজনৈতিক সচেতনতা ছাড়া এবং তাদের শক্তিশালী রাজনৈতিক পার্টি গড়ে তোলা ব্যতীত বাংলাদেশের ভবিষ্যতের অনিশ্চয়তা কাটবে না। আর সেই লক্ষ্যেই আমাদের বার বার ফিরে যেতে হয় রুশ বিপ্লবের কাছে। তাই আসুন রুশ বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আমরা পার্টিকে বলশেভিক পার্টির মতো বিপ্লবীধারায় পরিচালিত করি এবং এই অঞ্চলের শোষিত বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে শোষকশ্রেণির বিরুদ্ধে এক মরণপণ সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করি।
